Image description

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 

রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি মামুন খালেদকে গুমের মামলায় ও মাসুদ উদ্দিন চৌধুরীকে ফেনীতে সংঘটিত জুলাই হত্যাযজ্ঞের মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করেন। 

একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য সময় চান। শুনানি শেষে তাদের হাজিরের জন্য আগামী ৭ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এদিন সকালে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।