Image description

রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের পাঞ্জাবির শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় হাতিরঝিল থানার ওসিকে শোকজ করেছেন ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

বুধবার (২৫ মার্চ) সিএমএম আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী জাস্টিস অব পিস হিসেবে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদেশে বলা হয়, বুধবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মগবাজার এলাকার বিশাল সেন্টার নামক মার্কেটে ‘নবীন’ ব্রান্ড নামের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ হাজির হয়ে ওই পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার হুকুম দিচ্ছে। ঘটনার সময় কিছু লোককে খুব উদ্ভূত আচরণ করতে দেখা যায়।

 

এতে আরও বলা হয়, ওই সময় পাশে দাঁড়ানো পুলিশ সদস্যদের নির্লিপ্ত দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পুলিশের এমন নির্লিপ্ততা মানুষের মধ্যে ভীতি সঞ্চার করবে বলে মনে করেন আদালত। পুলিশের এ ধরনের নির্লিপ্ততাকে কেন আইন বহির্ভূত এবং পেশাদারিত্ব আইনবিরোধী হিসেবে ঘোষণা করা হবে না এ মর্মে আগামী ৩ দিনের মধ্যে অত্র কোর্টে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য ডিএমপির হাতিরঝিল থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেওয়া হলো।

 

এ ছাড়াও, উল্লেখিত ‘নবীন’ ব্রান্ডের পাঞ্জাবির দোকান আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেওয়ার জন্য হাতিরঝিল থানার ওসিকে নির্দেশ দেওয়া হলো। সেই সঙ্গে হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজাকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় আদালতে জমা দেওয়ার কথাও আদেশে উল্লেখ রয়েছে।