স্বাধীনতাকে অর্থবহ এবং কার্যকর করতে রাষ্ট্রের নীতিগত ও পদ্ধতিগত সংস্কার করতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, রাষ্ট্রের গুণগত পরিবর্তন সাধন না করে শুধু ব্যক্তি ও শাসকগোষ্ঠীর পরিবর্তন হলে স্বাধীনতা কেবল কাগুজে স্বাধীনতায় পরিণত হয়।
দেশবাসীকে ৫৬তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশের স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও দেশে সংবিধান মেনে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দুঃখজনক দৃষ্টান্ত রয়েছে। চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে।
তিনি বলেন, স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত ও গণভোটের মধ্য দিয়ে অনুমোদিত সংস্কারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
স্বাধীনতা দিবসে সরকারের প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করুন।
মুক্তিযুদ্ধের সব শহীদ, আহত ও সংশ্লিষ্টদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান মুহাম্মাদ রেজাউল করীম।