কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে প্রশিক্ষিত শিক্ষক ও সম্পদের প্রাপ্যতায় বৈষম্য রয়েছে, সেখানে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মঙ্গলবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’ এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, সরকার শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষকদের ট্যাবলেট ও কম্পিউটার সরবরাহ, পাঠ্যক্রম হালনাগাদ এবং নতুন শিক্ষণ পদ্ধতি চালুর মাধ্যমে শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া-সমৃদ্ধ করা হচ্ছে। এর ফলে দলগত কাজ, সৃজনশীলতা ও নৈতিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়ছে।
তিনি আরও বলেন, প্রযুক্তি বিশেষ করে শিক্ষা প্রযুক্তি শহর ও গ্রামের মধ্যে বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এসব প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার নিশ্চিত করাও জরুরি, যাতে শিশুরা একটি নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে।
নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশে এ বিষয়ে একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষা চালু করেছিলেন। বর্তমান সরকার নারীদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপনের মাধ্যমে লাখো নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা পরিবারকে শক্তিশালী করেছে এবং শিশুদের জীবনমান উন্নত করেছে।
ডা. জুবাইদা রহমান বলেন, বেসরকারি খাত ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করে নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি, প্রশিক্ষিত শিক্ষক গড়ে তোলা এবং সবার জন্য শিক্ষার মান উন্নয়নে কাজ চলছে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি অঞ্চলকে সংযুক্ত করা, প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখা এবং ব্যক্তিকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে সহনশীল, মানবিক ও ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
সবশেষে তিনি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিকে ধন্যবাদ জানিয়ে বলেন, জ্ঞান বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম এবং বিশ্বকে আরও শক্তিশালী করা সম্ভব।