বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর দুটি জাহাজ রেজকি (REZKIY) এবং সোভারচেনি (SOVERCHENNY) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) জাহাজ দুইটি বন্দরে আসলে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।
এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সফরসূচির অংশ হিসেবে সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমিতে রাশিয়ান নাবিক ইউভি রেডকিনের সমাধিস্থল রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেই সাথে নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শন এবং চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও রাশিয়ান জাহাজগুলো পরিদর্শন করবেন।
এ শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
রাশিয়ান নৌবাহিনীর জাহাজ দুইটি ২৭ মার্চ বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।