স্ত্রীর স্বীকৃতি ও সন্তানের পিতৃত্বের দাবিতে সন্তানদের সঙ্গে নিয়ে এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন দুই নারী। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে মাস্টারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা ও কুমিল্লা থেকে আসা শারমিন আক্তার ও হোসনে আরা নামের দুই নারী আপেল মাহমুদ নামের এক যুবকের বাড়িতে অবস্থান করছেন। আর ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন আপেল মাহমুদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২২ মার্চ) থেকেই ওই দুই নারী স্ত্রীর স্বীকৃতির দাবিতে আপেল মাহমুদের বাড়িতে অবস্থান করছেন। তাদের মধ্যে শারমিন আক্তারের সঙ্গে প্রায় আট বছর বয়সি কন্যাসন্তান এবং হোসনে আরার সঙ্গে ১৬ মাস বয়সি পুত্রসন্তান রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা। বিষয়টি সমাধানে স্থানীয়রা অভিযুক্ত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা মকবুল মিয়া বলেন, রোববার থেকে দুই নারী এখানে অবস্থান করছেন। এতে এলাকায় মানুষের ভিড় বেড়েছে।
ভুক্তভোগী শারমিন আক্তার বলেন, ‘আমি স্ত্রীর স্বীকৃতি ও আমার সন্তানের পিতার স্বীকৃতি চাই। আমি সংসার করতে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান চালিয়ে যাব।’
অপর ভুক্তভোগী হোসনে আরা বলেন, ‘আমিও আমার সন্তানের পিতার স্বীকৃতি চাই। এ দাবিতে আমি এখানে অবস্থান করছি। আমাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো না।’
তবে ঘটনার পর থেকে গা ঢাকা দেওয়া অভিযুক্ত আপেল মাহমুদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। ফলে তার বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে এর সত্যতা যাচাই করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’