মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।
সোমবার (২৩ মার্চ) জামায়াত ইসলামীর ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
পোস্টে উল্লেখ করা হয়েছে, কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ মার্চ বিকাল ৩টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা সভায় বক্তব্য দেবেন।
এর পরদিন ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একই দিনে সকালে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।