পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলমান ছুটির মধ্যে রাজধানী ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেও তা এখনও অস্বাস্থ্যকর পর্যায়েই রয়ে গেছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টা থেকে ৯টার তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সূচকে (AQI) ঢাকার স্কোর ছিল ১৫২। এই মান আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত, যা সব বয়সের মানুষের জন্যই স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। তালিকার শীর্ষে রয়েছে মিশরের কায়রো (১৬৭), এরপর নেপালের কাঠমান্ডু (১৬৫), ভারতের কলকাতা (১৫৬) এবং চীনের হ্যাংজু (১৫৪) যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঈদের ছুটিকে ঘিরে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ গ্রামে চলে যাওয়ায় সড়কে যানবাহনের চাপ কমেছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নগরজীবনের ব্যস্ততাও কমে এসেছে। এর ফলে সাময়িকভাবে বায়ুদূষণের মাত্রা কিছুটা হ্রাস পেয়েছে।
তবে এই উন্নতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছুটি শেষে নগরজীবন স্বাভাবিক হলে যানবাহনের চাপ ও নির্মাণকাজ বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুদূষণ আবারও বৃদ্ধি পেতে পারে।
বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, AQI ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১–২০০ হলে তা সবার জন্যই অস্বাস্থ্যকর ধরা হয়।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ না নিলে এই সাময়িক উন্নতি স্থায়ী কোনো সমাধান আনবে না।