Image description

মিষ্টি মিষ্টি কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করে। বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়? তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। 

রবিবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের সাহাপাড়ায় খালখনন কর্মসূচি উপলক্ষে এক সমাবেশে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরাপুরের সাহাপাড়া খালটি পূনঃখননের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সারাদেশে ৫৪ টি জেলায় খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে এই সমাবেশ হয়। সমাবেশের আগে প্রধানমন্ত্রী সাহাপাড়া খাল পূণঃখনন কাজের উদ্বোধন করেন। এরপর খালের পাড়ে কয়েকটি বৃক্ষ রোপন করেন তিনি। বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী সমাবেশের কার্যক্রম শুরু হয়।

১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহাপাড়া খালটি খনন করেছিলেন উল্লেখ করে এনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা, আমাদের রাজনীতি হচ্ছে মা-বোনদেরকে স্বাবলম্বী করে তোলা, আমাদের রাজনীতি হচ্ছে দেশের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ কিভাবে ভালো চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা গড়ে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে, আমাদের সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্মেরা কিভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে, কি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটি কৃষি বা শিল্প হোক সেই ব্যবস্থা গড়ে তোলা।

এই কাজগুলো যদি করতে হয় আমি কিন্তু একা পারব না। কাকে লাগবে সাথে? জনগণকে সাথে লাগবে। নির্বাচনে যেমন আপনারা ধানের শীষের সঙ্গে ছিলেন। আপনারা সমর্থন দিয়েছেন এখনও কিন্তু আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো করতে পারব না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ সম্ভব না। কারণ আমরা বিশ্বাস করি, জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। সেই জনগণের সমর্থন প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, জনগনের সমর্থন থাকলে যে কোনো পরিকল্পনাকে আমরা সফল করতে পারব। সেজন্য আসুন আজকে এই খাল খনন কর্মসূচি আমরা উদ্বোধন করেছি, এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আজকে দেশ গড়ার কর্মসূচির কাজ আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। আমরা এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সেই বাংলাদেশে আমরা গড়ে তুলতে চাই। 

শুষ্ক মৌসুমে সেচ সুবিধা ও পানি সংরক্ষণ করে মৎস্য চাষ এবং খালের দুই পাড়ে বৃক্ষ রোপন প্রভৃতির মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবে। খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি ঋণ মওকুফ (১০ হাজার টাকার পর্যন্ত সুদসহ) এবং এপ্রিল মাসে কৃষি কার্ড বিতরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রভৃতি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যান মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, আখতারুজ্জামান মিয়া এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলম, মঞ্জরুল ইসলাম, সাদেক রিয়াজ, কাহারোল উপজেলার সভাপতি গোলাম মোস্তফা, রামচন্দ্রপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।