Image description

খুলনার পাইকগাছায় এক পুলিশ কর্মকর্তার মায়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) চিনময় মন্ডলের মা ভারতী মন্ডল।

গতকাল রবিবার (১৫ মার্চ) তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশের ধারণা।

নিহত ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কে বা কারা ভারতী মন্ডলকে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের মাছের ঘেরে ফেলে রেখে যায়। রবিবার সকালে প্রতিবেশীরা বাড়িতে এসে তাকে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। পরে তার মরদেহ ঘেরের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।