বগুড়ার ধুনটে এক প্রবাসীর বাড়িতে তার স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের সময় এক কলেজছাত্রকে হাতেনাতে আটক করেন পরিবারের সদস্যরা। পরে ওই বাড়িতে হামলা চালিয়ে ওই কলেজছাত্রকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় ওই বাড়িরে পাঁচজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রানা মিয়া নামে এক কলেজছাত্রের পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। রানা মিয়া স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
অভিযোগ উঠেছে, শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রানা মিয়া ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে গোপনে বাড়িতে ঢোকেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে আটক করেন।
রোববার সকালে খবর পেয়ে রানা মিয়ার মামা আমিনুল ইসলাম ও তার লোকজন ওই প্রবাসীর বাড়িতে গিয়ে হামলা চালান। তারা বাড়িঘর ভাঙচুর করে আটক রানা মিয়াকে ছিনিয়ে নিয়ে যান। বাধা দিতে গেলে হামলাকারীরা পরিবারের কয়েকজনকে মারধর করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার খোঁজ নেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।