জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা শুরু হয়েছে। আমরা বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। আমাদের গৌরবকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা, টাকা পাচারসহ সব অপরাধকে মুক্তিযুদ্ধের নামে বৈধতা দিয়েছে। সেই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে, শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না।’
শনিবার (৭ মার্চ) ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপির ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সরকার সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন,
‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আলোকে আমরা দুটি শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়ে সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে বেঈমানি করেছে।’
সরকারের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘১২ তারিখের অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ নিতে হবে। প্রথম অধিবেশনে ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। অন্যথায় এগারো দল রাজপথে নামতে বাধ্য হবে।’
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ এনসিপির কেন্দ্রীয় ও ফরিদপুর বিভাগীয় নেতৃবৃন্দ।