Image description

উদীচীর সাবেক সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ আজ ভোর ৪-৩০ ঘটিকায় ঢাকার নয়া পল্টনের নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। আজ এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ ১৯৪১ সালে ১৯ অক্টোবর নরসিংদী জেলার রায়পুরায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা ভাষা ও সাহিত্য গবেষক। শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যেও তিনি ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি। তিনি ছিলেন তথ্যসন্ধানী, সমাজমনস্ক এবং প্রগতিশীল চিন্তাচেতনার একজন মৌলিক গবেষক। 

ছাত্রজীবনে অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সামরিক জান্তা আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে আন্দোলনে তিনি দুইবার জেল খেটেছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে ভাষা বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে কর্তব্যরত অবস্থায় ২০০৫ সালে তিনি অবসর গ্রহণ করেন। ২০১৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২০ তম জাতীয় সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন এবং ২০২২ সালের জুন মাস পর্যন্ত দুই মেয়াদে উদীচীর সভাপতির দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে উদীচী নেতৃবৃন্দ বলেন, ড. সফিউদ্দিনের মৃত্যুতে দেশের সাহিত্য ও সংস্কৃতির জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে উদীচী একজন অভিভাবক হারা হল। অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের মৃত্যুতে উদীচী নেতৃবৃন্দ তার পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।