লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। নতুন সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর জাগো নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কাজের অগ্রাধিকার, চ্যালেঞ্জ ও সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন জনগণের প্রত্যাশা অনুযায়ী মন্ত্রণালয় পরিচালনার কথা। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়।
জাগো নিউজ: আইন মন্ত্রণালয় কীভাবে চালাবেন?
আইনমন্ত্রী: মানুষ যেভাবে দেখতে চাইবে, সেভাবেই আমরা এ মন্ত্রণালয়কে দেখতে চাই।
জাগো নিউজ: জুলাই হত্যাকাণ্ডের বিচারকার্য প্রসঙ্গে কী বলবেন?
জাগো নিউজ: জুলাই হত্যাকাণ্ডের জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে যেসব যোদ্ধা জীবন দিয়েছেন তাদের মর্যাদা সংরক্ষণ করা হবে।
জাগো নিউজ: আইনমন্ত্রী হিসেবে সামনে কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন?
আইনমন্ত্রী: মানুষের পাহাড়সমান প্রত্যাশা পূরণ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
জাগো নিউজ: সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ব্যক্তিগতভাবে স্বপ্নপূরণের কোনো জায়গা দেখছেন কি না?
আইনমন্ত্রী: স্বপ্নপূরণের জায়গায় একবারে পৌঁছানো যায় না। এখান থেকে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে চাইবো।
জাগো নিউজ: দায়িত্ব পাওয়ার প্রথমদিনই আপনি ব্যস্ত সময় পার করছেন। কেমন লাগছে?
আইনমন্ত্রী: দায়িত্ব বুঝে নেওয়ার কাজসহ অনেক ধরনের ব্যস্ততা থাকে।
জাগো নিউজ: আপনারা (বিএনপির নির্বাচিত এমপিরা) একটা শপথ (সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে) নেননি। পরবর্তীকালে কোনো সমস্যা হবে কি না?
আইনমন্ত্রী: বিষয়টি আমাদের পার্টি লেভেলে আলোচনা হয়েছে। পার্টির মুখপাত্র এরই মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। ওটাই আমাদেরও বক্তব্য।
তিনি জাগো নিউজের প্রশংসা করে বলেন, জাগো নিউজ খুব ভালো করছে।