Image description

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শুরুর ১১ দিন পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুদ্ধের উদ্দেশ্য ও চূড়ান্ত লক্ষ্য পরিষ্কার করতে পারেনি বলে অভিযোগ করেছেন ডেমোক্র্যাট দলীয় নেতারা।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) সিনেট আর্মড সার্ভিসেস কমিটির গোপন ব্রিফিং শেষে মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেন, গত ১৫ বছরে তিনি যত ব্রিফিংয়ে অংশ নিয়েছেন, তার মধ্যে এটি তাকে সবচেয়ে বেশি হতাশ করেছে। খবর আল জাজিরার। 

ব্লুমেনথাল বলেন, এই বৈঠক থেকে আমি আগের চেয়ে আরও বেশি প্রশ্ন নিয়ে বের হয়েছি, বিশেষ করে যুদ্ধের খরচ এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

ব্লুমেনথাল আশঙ্কা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র হয়তো ইরান বা ইরাকে স্থল সেনা মোতায়েনের পথে এগোচ্ছে।

অন্যদিকে সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, ট্রাম্প প্রশাসন এখনও পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারেনি কেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রবেশ করেছে, কী লক্ষ্য অর্জন করতে চায় এবং কীভাবে তা অর্জন করা হবে।

ওয়ারেন আরও বলেন, যুদ্ধের খরচ অত্যন্ত বেশি। কিছু বিশ্লেষণের মতে, যুদ্ধ শুরুর প্রথম দুই দিনেই প্রায় ৫৬০ কোটি ডলার ব্যয় হয়েছে।

ওয়ারেন অভিযোগ করেন, সরকার যেখানে স্বাস্থ্যসেবা খাতে ব্যয় কমিয়েছে, সেখানে যুদ্ধ পরিচালনায় প্রতিদিন বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে।

এদিকে সিনেটর জ্যাকি রোজেন বলেন, গোপন ব্রিফিংয়ে যা শুনেছেন তা ‘উদ্বেগজনক এবং হতাশাজনক’। তবে গোপনীয়তার কারণে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

তীব্র হামলার প্রস্তুতি

সমালোচনার মধ্যেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে তীব্র হামলার দিন সামনে আসতে পারে।

বর্তমান সংঘাতে এখন পর্যন্ত ইরানে অন্তত ১২৫৫ জন, লেবাননে ৩৯৪ জন, ইসরায়েলে ১৩ জন, ইরাকে ৬ জন এবং উপসাগরীয় অঞ্চলে ১৪ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প একাধিকবার বলেছেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। তবে তার প্রশাসনের কর্মকর্তারা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন সময়সীমার কথা বলছেন।

কংগ্রেসের অনুমোদন নিয়ে বিতর্ক

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে। তবে জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট সামরিক অভিযান শুরু করতে পারেন।

তবে ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজোলিউশন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো সামরিক অভিযান ৬০ থেকে ৯০ দিনের বেশি চালানো যায় না।

তবুও ট্রাম্প প্রশাসন দাবি করেছে, ইরানে চালানো সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই।

তদন্তের দাবি

ইরানের মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে হামলায় ১৭০ জনের বেশি মানুষ নিহত হওয়ার অভিযোগ ওঠার পর ডেমোক্র্যাট সিনেটররা ওই ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেছেন।

এদিকে ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার জানিয়েছেন, প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেসে শপথ নিয়ে সাক্ষ্য না দেওয়া পর্যন্ত সিনেটে স্বাভাবিক কার্যক্রমে বাধা দেওয়ার কৌশল গ্রহণ করতে পারেন তারা।

বুকার বলেন, আমরা স্বাভাবিক কার্যক্রম চলতে দেব না, যখন এত গুরুত্বপূর্ণ বিষয়ে আমেরিকান জনগণ স্পষ্ট উত্তর পাচ্ছে না।