ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জির (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি ২০০ কেজিরও বেশি অন্তত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত আছে ইরানের ইসফাহানে।’ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তিনি বলছেন যে, আইএইএ মনে করছে ইউরেনিয়াম এখনো সেখানেই আছে, অন্য কোথাও সরানো হয়নি।
গত বছর ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। ইরানের ইসফাহান, নাতাঞ্জ ও ফোরদোর পারমাণবিক স্থাপনাগুলোতে তখন বোমা হামলা চালানো হয়েছিল। এরপর থেকেই আইএইএ ধারাবাহিকভাবে হামলার শিকার হওয়া স্থাপনাগুলো পরিদর্শনের আহবান জানিয়ে আসছে। তারা জানতে চাচ্ছে, সেখানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এখন কোথায় ও কী অবস্থায় আছে।
এর জবাবে ইরান বলছে, যে পারমাণবিক স্থাপনাগুলো বোমা হামলার শিকার হয়েছে, সেগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক কোনো পরিষ্কার নিয়ম নেই। যে পারমাণবিক স্থাপনাগুলো সামরিক হামলার শিকার হয়েছে, সেগুলো পরিদর্শনের জন্য কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা নেই। সেজন্য তারা এসব স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি এমনকি, এ বিষয়ে তারা কোনো তথ্যও দেয়নি। খবর: বিবিসি বাংলা।