Image description

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র–ইসরাইলের চলমান যুদ্ধের সপ্তম দিনে মধ্যপ্রাচ্য থেকে আরও সেনা প্রত্যাহার করেছে জার্মানি। ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জার্মান সামরিক বাহিনী।

জার্মান সামরিক বাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের অধীনে মোতায়েন করা জার্মান বুন্ডেসভেয়ার সেনাদের একটি অংশ নিরাপত্তা পরিস্থিতির কারণে সরিয়ে নেওয়া হচ্ছে।

এর আগেই উত্তর ইরাকের এরবিল শহরে জার্মানির সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছিল।

জার্মান গণমাধ্যম আরএনডি জানিয়েছে, বাহরাইনে অবস্থান করা জার্মান সেনারা ইতোমধ্যে দেশে ফিরে গেছে এবং কুয়েত থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতিও চলছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, বাগদাদে জার্মান দূতাবাসে কর্মরত কিছু সেনা ও কর্মকর্তাকে নিরাপত্তার কারণে জর্ডানে স্থানান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ৫০০ জার্মান সেনা মোতায়েন রয়েছে, যার বেশিরভাগই ইরাক ও জর্ডানে অবস্থান করছে। তবে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কিছু ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়া এবং উপস্থিতি কমিয়ে আনা হয়েছে।