Image description

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বাংলাদেশ-সংলগ্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে ভারত। নির্বাচনের প্রভাব যাতে সীমান্তবর্তী অঞ্চলে কোনো ধরনের অস্থিরতা তৈরি না করে, সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় পুলিশ প্রশাসন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে রাজ্য পুলিশ। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে স্বরূপনগর থানার পুলিশ তেঁতুলিয়া ব্রিজসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকিং জোরদার করে।

এ সময় সীমান্তগামী সব রাস্তা ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে কড়া নজরদারি চালানো হয়। ঘোজাডাঙ্গা সীমান্তের দিকে যাওয়া লবঙ্গ মোড়ে প্রতিটি গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের নথিপত্র যাচাই করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন চলাচল ঠেকাতে এলাকায় থাকা আবাসিক হোটেলগুলোতেও অভিযান চালানো হয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেই এই তল্লাশি ও নজরদারি আরও কিছুদিন অব্যাহত থাকবে।