Image description

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যের প্রায় ২৫২টি মাদ্রাসাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। 

এ ছাড়া ন্যূনতম পরিকাঠামো না থাকায় আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে এসব কাজে রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণের দোহাই দিচ্ছে।

শুক্রবার কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের জনজাতি উন্নয়নমন্ত্রী ক্ষুদিরাম টুডু। 

বৈঠকে রাজ্যের মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, আধুনিকীকরণ ও শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে এসব উদ্যোগ বাস্তবায়নে কেন্দ্রের সহযোগিতা চাওয়া হয়েছে।

বৈঠক শেষে ক্ষুদিরাম টুডু জানান, রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে উদ্যোগী হয়েছে। শুধু প্রচলিত শিক্ষাব্যবস্থা চালু রাখাই নয়, মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে আধুনিক শিক্ষার সুযোগ পায়, সেই লক্ষ্যেও কাজ করা হচ্ছে। এ জন্য মাদ্রাসার শিক্ষার্থীদের আবাসিক সুবিধা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, তফসিলি জাতি ও জনজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য যেভাবে ছাত্রাবাস নির্মাণ করা হয়, একইভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যও ছাত্রাবাস গড়ে তোলা হবে। এ প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা প্রয়োজন। এ কারণেই কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রীর কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে রাজ্য।

অন্যদিকে, মাদ্রাসার নামে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মকানুন ও পরিকাঠামো বজায় রাখার বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। এ সময় ক্ষুদিরাম টুডু মাদ্রাসা নিষিদ্ধের বিষয়টি জানান।

রাজ্য সরকারের এই পদক্ষেপে একদিকে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণ এবং অন্যদিকে নিয়মবহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে এসেছে। তবে নিষিদ্ধ ঘোষিত মাদ্রাসাগুলোর অবস্থান, সেগুলো বন্ধ করার প্রক্রিয়া এবং কারণ দর্শানোর নোটিশ পাওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।