Image description

মহাকাশ গবেষণায় অসম্ভবকে সম্ভব করে ইতিহাস গড়ল বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। পৃথিবীর কক্ষপথ থেকে ফিরে আসা বিশালাকার ‘স্টারশিপ’ মহাকাশযানকে মাঝ আকাশ থেকে রীতিমতো লুফে নিল লঞ্চ টাওয়ারের দুটি বিশাল যান্ত্রিক হাত বা ‘চপস্টিক’। এর আগে গত শুক্রবার ১৩ নভেম্বর স্টারশিপকে বিশেষ যান্ত্রিক আর্মের সাহায্যে ধরার চেষ্টা করা হয়। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ভেস্তে যায়। এর পরে শনিবার বিকালে সাফল্য এসেছে দক্ষিণ টেক্সাসের স্টারবেসে। মেঘলা আকাশের মধ্যে দিয়ে বায়ুমণ্ডলের প্রচণ্ড তাপ সহ্য করে সোজা লঞ্চ প্যাড-২-এর যান্ত্রিক হাতে ধরা দেয় রকেটটি। পুনর্ব্যবহারযোগ্য এই রকেট তৈরির পথে এটিই স্পেসএক্সের সবচেয়ে বড় সাফল্য। এর ফলে আগামী দিনে মহাকাশ অভিযানের খরচ অনেকটা কমে যেতে পারে বলে ধারণা গবেষকদের। 

কীভাবে আকাশ থেকে লুফে নেওয়া হলো?

প্রায় ১৭০ ফুট লম্বা এই মহাকাশযান পৃথিবী থেকে ১৭০ মাইল উচ্চতায় ঘণ্টায় ১৭ হাজার মাইলেরও বেশি গতিবেগে ঘুরছিল। ফেরার সময়ে একটি ইঞ্জিন চালু রেখে সেটিকে পৃথিবীর দিকে নামিয়ে আনা হয়। বায়ুমন্ডলে প্রবেশের পরে বাতাসের সঙ্গে ঘর্ষণে রকেটের নিচের অংশ প্রচণ্ড গরম হয়ে ওঠে এবং গতি কমতে থাকে। স্পেসএক্সের সিনিয়র প্রকৌশলী লার্স ব্ল্যাকমোর জানিয়েছেন, মরুভূমির ওপর দিয়ে রকেটটিকে ফিরিয়ে আনা হয়। মেক্সিকোর আকাশ পেরিয়ে টেক্সাসের রিও গ্র্যান্ডে ভ্যালির চারপাশ ঘুরে স্টারবেসের দিকে এগিয়ে যায় স্টারশিপ। শেষ মুহূর্তে ‘জায়ান্ট সুশ’ কৌশলে ঘুরে গিয়ে ইঞ্জিনের সাহায্যে শূন্যে ভাসতে থাকে রকেট। এর পরই লঞ্চ টাওয়ারের যান্ত্রিক হাত রকেটটিকে ধরে ফেলে।