মিশরে গ্রীষ্মকালীন সময়ের (ডে-লাইট সেভিং টাইম) মেয়াদ শেষ হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। রাত ১২টার পরিবর্তে সময় গণনা করা হবে রাত ১১টা থেকে। এর ফলে দেশটিতে আবারও শীতকালীন মানসম্মত সময় চালু হবে।
নতুন সময় অনুযায়ী, মিশরের সময় আন্তর্জাতিক মান সময়ের (জিএমটি) সঙ্গে তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টার ব্যবধানে থাকবে। অর্থাৎ, দেশটির সময় অঞ্চল জিএমটি+৩ থেকে পরিবর্তিত হয়ে জিএমটি+২ হবে।
মিশরে প্রতিবছর এপ্রিল মাসের শেষ শুক্রবার থেকে অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার পর্যন্ত গ্রীষ্মকালীন সময় চালু থাকে। ২০২৩ সালে প্রণীত একটি আইনের আওতায় এ সময়সূচি অনুসরণ করা হচ্ছে। আইন অনুযায়ী, গ্রীষ্মকালীন সময় শেষ হলে অক্টোবরের শেষ বৃহস্পতিবার দিবাগত রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হয়।
প্রায় এক দশক বন্ধ থাকার পর ২০২৩ সালের এপ্রিলে মিশরে আবারও গ্রীষ্মকালীন সময় চালু করা হয়। বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কমানো এবং অর্থনৈতিক চাপ মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই সরকার এ ব্যবস্থা পুনরায় কার্যকর করে।
গ্রীষ্মকালীন সময়ে দিনের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুতের ব্যবহার কমানোর সুযোগ তৈরি হয় বলে মনে করে দেশটির সরকার। বিশেষ করে সন্ধ্যার সময় বিদ্যুতের চাহিদা নিয়ন্ত্রণ এবং জ্বালানি ব্যয় কমানোর ক্ষেত্রে এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।
ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানোর ফলে মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশটির সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও সময়ের পরিবর্তন বিবেচনায় নিতে হবে। বিশেষ করে আন্তর্জাতিক ফ্লাইট, অনলাইন বৈঠক, অফিসের সময়সূচি এবং বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নতুন সময়ের ব্যবধান খেয়াল রাখা জরুরি।
আরটিভি