Image description

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু ‘ইতিহাসের ভুল পক্ষে’ অবস্থান করছেন। মঙ্গলবার আল-আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ওলমার্ট ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তার মতে, এটিই ইসরাইলের জন্য সর্বোত্তম সমাধান।

পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতার বিষয়ে ওলমার্ট সতর্ক করে বলেন, ইসরাইলের নেতারা যদি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তাহলে তাদের আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে।

তিনি বলেন, ‘ইসরাইল রাষ্ট্রের নেতৃত্ব এবং ইসরাইলি সেনাবাহিনী ও পুলিশের কমান্ডারদের উদ্দেশ্যে আমার একটি বার্তা রয়েছে: আপনারা যদি পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাস দমনে পদক্ষেপ না নেন, তাহলে সেখানে সংঘটিত অপরাধের জন্য আপনাদের আইনত দায়ী করা হবে। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতেও আপনাদের জবাবদিহি করতে হতে পারে।’

ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে বলে নেতানিয়াহুর দাবি প্রত্যাখ্যান করেন ওলমার্ট। তার মতে, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলেও দেশটির হাতে কোনো পারমাণবিক বোমা ছিল না। ফলে ধ্বংস করার মতো কোনো বোমা ছিল না বলে তিনি দাবি করেন।

 

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট