বিস্ফোরণের ঝলক, মুহূর্তেই ধ্বংস হয়ে যাচ্ছে বিশাল এক সরকারি ভবন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও ঘিরে ভারতে শুরু হয়েছে তোলপাড়। ভিডিওতে দেখা যায়, বোমা বিস্ফোরণে গুঁড়িয়ে যাচ্ছে কর্ণাটক রাজ্য সরকারের সদর দপ্তর বিধান সৌধ।
তবে বাস্তবে এমন কোনো বিস্ফোরণ ঘটেনি। এআই দিয়ে তৈরি এই ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) এনডিটিভির খবরে বলা হয়, গ্রেফতার ব্যক্তির নাম হযরত আলি। ২৫ বছর বয়সী এ ব্যক্তি ভারতের বিহার রাজ্যের বাসিন্দা।
তিনি গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুতে দৈনিক মজুরির ভিত্তিতে পাইপ ফিটারের কাজ করছিলেন।
গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এক ব্যক্তি ট্রিগার টানার ভঙ্গি করছেন। এরপরই বিস্ফোরণ ঘটে এবং তাতে বিধান সৌধ ভবনটি ধ্বংস হয়ে যেতে দেখা যায়।
জেএনএক্স কিং এইচজি নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছিল। ক্যাপশনে দাবি করা হয়, ব্যবহারকারী নিজেই ভবনটি উড়িয়ে দিয়েছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বেশ কয়েকজন ব্যবহারকারী বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করেন। এরই মধ্যে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাস্তবে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় এফআইআর নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।
ভিডিওটি তৈরির পেছনে অভিযুক্তের উদ্দেশ্য কী ছিল, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
বিধান সৌধ একটি উচ্চনিরাপত্তাবেষ্টিত সরকারি ভবন। এখানে কর্ণাটক রাজ্যের আইনসভা অবস্থিত। গুরুত্বপূর্ণ এ স্থাপনায় হামলার দৃশ্য দেখিয়ে ভুয়া ভিডিও তৈরি ও ছড়িয়ে দিলে জনমনে আতঙ্ক সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
সূত্র: এনডিটিভি