Image description
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা করেছেন তিনি। এর এক দিন আগে রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহের চুক্তির ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ওই চুক্তির কঠোর সমালোচনা করেছিলেন জেলেনস্কি।
 
হোয়াইট হাউসের এ সিদ্ধান্তের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর সমালোচনাগুলোর একটি করেছেন জেলেনস্কি। তিনি রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার সঙ্গে শনিবার ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে রাশিয়ার হামলার যোগসূত্র টেনেছেন। ওই হামলায় তিন শিশুসহ ২০ জন নিহত হয়েছেন।
 
ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে ডিজেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে এ মূল্যবৃদ্ধি ট্রাম্পের রিপাবলিকান দলের জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে। ওই নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাটরা কংগ্রেসের এক বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেতে পারে।
 
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’ রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে বিশ্বজুড়ে ডিজেল সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।
 
ট্রাম্প বলেন, ‘সে (জেলেনস্কি) ডিজেল জ্বালানি নিয়ে আমাদের কৃষক ও খামারিদের সমস্যায় ফেলতে চায়। কারণ, বিশ্বজুড়ে ডিজেলের বড় একটি অংশ সরবরাহ করে রাশিয়া।’
 
‘ডিজেল চুক্তি রাশিয়াকে আরও সাহসী করেছে’
 
এর আগে শনিবার জেলেনস্কি বলেন, শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল চুক্তির ঘোষণা দিয়ে ট্রাম্প মস্কোকে আরও সাহসী করে তুলেছেন। এর বিপরীতে কিয়েভ ওয়াশিংটনকে মস্কোর ওপর চাপ প্রয়োগ করে প্রায় সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধে কার্যকর আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।
 
শনিবার রাশিয়া সরকার ডিজেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়ার কথা জানায়। জেলেনস্কি বলেন, ‘আজ রাশিয়া ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার জন্য ধন্যবাদ জানিয়েছে। জাপোরিঝঝিয়ায় আবাসিক ভবনে পাঁচটি গ্লাইড বোমা ফেলে তারা এ ধন্যবাদ জানিয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘গত রাতের ঘটনা আবারও প্রমাণ করেছে, চাপ কমানোর যেকোনো পদক্ষেপকে রাশিয়া এমন সংকেত হিসেবে দেখে যে তারা যুদ্ধ চালিয়ে যেতে পারে, শহরগুলোতে বোমা ফেলতে পারে। এ ক্ষেত্রে ভিন্ন সংকেত দেওয়া প্রয়োজন।’
 
দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরটি নিয়মিত রুশ বোমা হামলার লক্ষ্যবস্তু। গত কয়েক মাসে সেখানে হামলার তীব্রতা বেড়েছে। শনিবারের হামলায় একটি আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়ে। এতে ছয় বছর বয়সী এক শিশুকন্যাসহ কয়েকজন নিহত হয়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে শিশুটির মরদেহ উদ্ধারের পর তার দাদা আনাতোলি চুমনি সাদা ব্যাগে রাখা মরদেহের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন।
 
কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘মাসের শেষ দিকে তার জন্মদিন হওয়ার কথা ছিল।’
 
চলতি সপ্তাহে ইউক্রেনে এটি ছিল ব্যাপক প্রাণহানির তৃতীয় হামলা। বুধবার ও বৃহস্পতিবার রাশিয়ার হামলায় প্রায় ৮০ জন বেসামরিক নাগরিক নিহত হন। এর মধ্যে পূর্বাঞ্চলীয় সামরিক ঘাঁটি শহর ক্রামাতোরস্কে বোমা হামলায় অন্তত ৩০ জন এবং কিয়েভ থেকে প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে প্রিলুকি শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ২২ জন নিহত হন।
 
ডিজেল চুক্তির সমালোচনা যুক্তরাষ্ট্রেও
 
ট্রাম্পের ডিজেল চুক্তির সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারাও। তাদের মধ্যে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির প্রতিনিধি ডন বেকনও রয়েছেন। তিনি বলেন, সম্প্রতি কংগ্রেসে পাস হওয়া আরও নিষেধাজ্ঞা কার্যকর করার সময় এসেছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নয়।
 
বিশ্লেষকদের মতে, এ চুক্তির ফলে জ্বালানির দাম দীর্ঘমেয়াদে কমে যাওয়ার সম্ভাবনা কম। কারণ, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা না হলে দেশটি সাধারণত যে পরিমাণ ডিজেল রপ্তানি করে, চুক্তির আওতায় সরবরাহের পরিমাণ তার তুলনায় অনেক কম।
 
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার করবে যুক্তরাজ্য
 
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করবে যুক্তরাজ্য। আগামী কয়েক দিনের মধ্যে দুই নেতার সরাসরি বৈঠকও হওয়ার কথা রয়েছে।
 
সর্বশেষ হামলাগুলোর আগে শুক্রবার মায়ামিতে ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচকেরা বৈঠক করেন। যুদ্ধ বন্ধে একটি অভিন্ন প্রস্তাব তৈরির লক্ষ্যেই ওই আলোচনা হয়েছিল বলে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন।
 
আলোচনা চলার মধ্যেই ট্রাম্প ডিজেল চুক্তির ঘোষণা দেন। জেলেনস্কি বলেছেন, এ ঘোষণায় কিয়েভ বিস্মিত হয়েছে।
 
ইন্টারফ্যাক্স ইউক্রেন সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, ইউক্রেনের প্রতিনিধিদল শনিবার দেশে ফিরছিল। এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্টের সহযোগী দিমিত্রো লিতভিন।
 
শুক্রবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর পুতিন বলেন, ইউক্রেনের ড্রোন হামলার কারণে অবিলম্বে শান্তি আলোচনা আবার শুরু হওয়ার সম্ভাবনা কম।
 
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস শনিবার এক সূত্রের বরাতে জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো সফর করতে পারেন।
 
জেলেনস্কিকে চুক্তি করতে চাপ ট্রাম্পের
 
হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প শান্তিচুক্তি না হওয়ায় জেলেনস্কির সমালোচনা করেন। একই সঙ্গে ইউক্রেনকে রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করার আহ্বান জানান তিনি।
 
ট্রাম্প বলেন, ‘আমি তাকে বলেছিলাম, তুমি যা খুশি করো, কিন্তু তেল শোধনাগারে হামলা কোরো না। হামলার জন্য আরও অনেক লক্ষ্যবস্তু আছে। তেল শোধনাগারে হামলা কোরো না। কিন্তু সে গিয়ে হামলা করেছে।’
 
তিনি আরও বলেন, ‘তার অবশ্যই এটা বন্ধ করা উচিত।’
 
ট্রাম্পের ভাষ্য, ‘আমি পরামর্শ দিচ্ছি, তারা এমন একজন নতুন নেতা বেছে নিক, যিনি চুক্তি করতে পারবেন। কারণ, তিনি অনেক চুক্তি করতে পারতেন, কিন্তু কোনো এক কারণে তিনি তা করেন না।’