Image description

ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ওয়াল্টজ বলেন, “ইরান নিয়ম ভঙ্গ করেছে এবং নিজেদের পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে অস্বীকৃতি জানিয়েছে। ”

তিনি বলেন, “ইরান বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যার ‘বিশ্বাসযোগ্য বেসামরিক উদ্দেশ্য’ নেই বলে যুক্তরাষ্ট্র মনে করে। ”

ওয়াল্টজ আরও অভিযোগ করেন, “আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে প্রবেশ ও পরিদর্শনের অনুমতি বারবার প্রত্যাখ্যান করা হয়।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, “মাত্র দুই সপ্তাহ আগে আইএইএ’র বোর্ড অব গভর্নরস ইরানের পরমাণু বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠিয়েছে। ”

তার অভিযোগ, ইরানের আলোচকরাও দেশটির পরমাণু কর্মসূচি পরিত্যাগের দাবিগুলো প্রত্যাখ্যান করে চলেছেন।

ইরানের অবস্থান

তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের মার্কিন দাবি প্রত্যাখ্যান করে আসছে ইরান। তেহরানের বক্তব্য, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার।

ইরানি কর্মকর্তারা আইএইএ’র বিরুদ্ধেও পক্ষপাতদুষ্টভাবে কাজ করার অভিযোগ এনেছেন। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে গৃহীত আইএইএ’র বিভিন্ন প্রস্তাবকে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের অবস্থানের মধ্যে এই বিরোধ অব্যাহত রয়েছে। একদিকে ওয়াশিংটন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরানের কার্যক্রমকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন হিসেবে দেখছে, অন্যদিকে তেহরান তাদের কর্মসূচিকে শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক চুক্তির অধীনে বৈধ অধিকার হিসেবে দাবি করছে।



শীর্ষনিউজ