Image description
সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর শেষযাত্রায় হুইলচেয়ারে বসে উপস্থিত ছিলেন ১০০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক।
 
মোটরচালিত হুইলচেয়ারে বসা মাহাথিরের নাকে ছিল অক্সিজেনের নল। শারীরিক অসুস্থতার মধ্যেও স্ত্রীকে শেষ বিদায় জানাতে পুরো সময় পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন তিনি।
 
সিতি হাসমাহর শেষকৃত্য ঘিরে মালয়েশিয়াজুড়ে নেমে আসে শোকের আবহ। পারিবারিক বাসভবন থেকে শেষ শ্রদ্ধা জানানো এবং নামাজে জানাজার জন্য তামান সুংগাই বেসি ইন্দাহর মসজিদ আস-শরিফে নেয়া হয় তার মরদেহ। সেখানে হাজারো মানুষ জড়ো হন। মসজিদের ভেতরের পাশাপাশি আশপাশের এলাকাও কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
 
 
শেষ শ্রদ্ধা জানানোর সময় মাহাথিরকে বিষণ্ন দেখাচ্ছিল। স্ত্রীর মরদেহের দিকে কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। এরপর তিনি জানাজার নামাজে অংশ নেন।
 
 
পরে সিতি হাসমাহর মরদেহ নেয়া হয় পুত্রজায়ার ২০ নম্বর প্রিসিঙ্কটের ন্যাশনাল সিমেট্রিতে। মোটরচালিত হুইলচেয়ারে বসেই স্ত্রীর দাফনের পুরো প্রক্রিয়া দেখেন মাহাথির। এ সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।
 
দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনের পর সঙ্গীকে হারিয়ে অনেকটা ভেঙে পড়েছেন তিনি। গভীর শোক আর চোখের জলে প্রিয়জনকে বিদায় দিয়েছেন এই প্রবীণ রাজনীতিক।