Image description

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসবাদ আঞ্চলিক শান্তি ও উন্নয়নকে ব্যাহত করছে। এ পরিস্থিতিতে জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে তালেবান সরকারকে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নিউইয়র্কে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ইকো)-এর মন্ত্রী পরিষদের ২৭তম অনানুষ্ঠানিক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় ইসহাক দার এ আহ্বান জানান।

তিনি বলেন, পাকিস্তান একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও স্থিতিশীল আফগানিস্তান দেখতে চায়। একই সঙ্গে দেশটি যেন আঞ্চলিক অর্থনীতির সঙ্গে পুরোপুরি যুক্ত থাকে এবং নিজ দেশের পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখে—এটাই পাকিস্তানের প্রত্যাশা।

ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই দার এ বক্তব্য দিলেন। সম্প্রতি আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর পাকিস্তানে একাধিক হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে।

তিনি বলেন, তালেবান সরকারের কাছে পাকিস্তানের একমাত্র প্রত্যাশা হলো আমাদের বৈধ নিরাপত্তা উদ্বেগগুলো সমাধান করা।

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং অন্যান্য সহযোগী গোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এসব গোষ্ঠী পাকিস্তানের সার্বভৌমত্ব ও দেশটির নাগরিকদের জীবনকে হুমকির মুখে ফেলছে বলে দাবি করেন দার।

আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ও ট্রানজিট বাণিজ্যে পাকিস্তান বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে বলেও উল্লেখ করেন দার। পাশাপাশি উজবেকিস্তান-আফগানিস্তান-পাকিস্তান রেলপথ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কাঠামোগত চুক্তি এগিয়ে নেওয়াকেও পাকিস্তানের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন তিনি।

 

সূত্র: জিও নিউজ