Image description

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকেই গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে ইমরানের বোন আলিমা খানকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়। এরপর ড. উজমা খান এবং নুরীন খানকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

পিটিআই মুখপাত্র জুলফি বুখারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘পাঞ্জাব পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে ইমরান খানের অন্য দুই বোন, তাঁর ভাগ্নে ও তাদের সন্তানদের ধরে নিয়ে গেছে।’

পরে পিটিআই-এর তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম জানান, ইমরান খানের বোন ও তাদের সন্তানদের হেফাজতে নেওয়া হয়েছিল। তবে সন্তানদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘তিন বোনকেই লাহোরের কোট লাখপাত কারাগারে পাঠানো হয়েছে।’

ইমরানের বোনদের গ্রেপ্তারের খবর প্রকাশ করে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, লাহোরের ডেপুটি কমিশনার রোববার পৃথক দুটি আদেশ জারি করেন। এএফপি ওই আদেশগুলোর অনুলিপি দেখেছে। এতে পাঞ্জাব প্রদেশের জনশৃঙ্খলা রক্ষণ আইন অনুযায়ী তিন বোনকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়।

২০ সেপ্টেম্বর জারি করা আদেশে লাহোরের ডেপুটি কমিশনার মুহাম্মদ আলী এজাজ জানান, পাঞ্জাব জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশ (১৯৬০) অনুযায়ী উজমা ও নুরীন জননিরাপত্তা ও শান্তির জন্য হুমকি তৈরি করছিলেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসভার মাধ্যমে কর্মীদের উসকানি দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছেন।

২০২২ সালে ক্ষমতা হারানো ইমরান দুর্নীতির অভিযোগে ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। তাকে স্বজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে আসছেন তাঁর তিন বোন এবং দুই ছেলে। কারাগারের ছোট কক্ষে ইমরান অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁর একটি চোখ প্রায় নষ্ট হওয়ার পথে জানিয়ে একাধিকবার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন স্বজনরা। কিন্তু সরকার তাতে সাড়া না দেওয়ায় আগামী ২৭ সেপ্টেম্বর ইমরানের দল পিটিআই বিক্ষোভের ডাক দিয়েছে।

তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রোববার বলেছেন, এ বিক্ষোভের ডাক অবৈধ। তিনি বলেন, ‘আমরা তাদের সড়ক অবরোধ এবং মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করতে দেব না।’