অনলাইনে পছন্দের পণ্য অর্ডার করেছেন, দামও পরিশোধ করেছেন। নির্দিষ্ট সময় পর কুরিয়ার থেকে পার্সেলও হাতে পেলেন। কিন্তু বাক্স খুলতেই দেখা গেল, ভেতরে নেই কাঙ্ক্ষিত পণ্য। তার বদলে রয়েছে গোবর। এমনই অবাক করা অনলাইন প্রতারণার শিকার হয়েছেন ভারতের এক বাসিন্দা।
দানকৌর থানার এলাকার বাসিন্দা আকাশ নগর কয়েক দিন আগে কাজের জন্য একটি অনলাইন ওয়েবসাইট থেকে ১ হাজার ৯৯৯ রুপির একটি অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করেন। অর্ডারের সময়ই অনলাইনে পুরো টাকা পরিশোধ করেছিলেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কুরিয়ারের মাধ্যমে পার্সেলটি তার বাড়িতে পৌঁছায়। স্বাভাবিকভাবেই বাক্স খুলে নিজের অর্ডার করা ডিভাইসটি পাওয়ার কথা ছিল আকাশের। কিন্তু বাক্স খোলার পর তিনি দেখেন, ভেতরে অ্যান্ড্রয়েড ডিভাইসের বদলে গোবরের সার রাখা হয়েছে।
অর্থাৎ, অনলাইনে পণ্য কেনার নামে তার কাছ থেকে টাকা নেওয়া হলেও কাঙ্ক্ষিত পণ্য পাঠানো হয়নি।
ঘটনাটি বুঝতে পেরে আকাশ স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন। একইসঙ্গে সাইবার ক্রাইম পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি। প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
আকাশ নগর বলেন, ‘আমি ১ হাজার ৯৯৯ রুপির একটি ডিভাইস অর্ডার করেছিলাম, কিন্তু তার বদলে গোবরের সার ভর্তি একটি প্যাকেট পেয়েছি।’
আকাশের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তিনি যে ওয়েবসাইট থেকে পণ্যটি অর্ডার করেছিলেন সেটি আসলেই বৈধ কি-না। পাশাপাশি অনলাইনে টাকা পরিশোধের তথ্য এবং কুরিয়ারের মাধ্যমে পণ্যটি কীভাবে পাঠানো হয়েছে, সেটিও যাচাই করা হচ্ছে। অর্থাৎ, প্রতারণাটি শুধু ওয়েবসাইটে অর্ডার নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি পণ্য পাঠানোর পর্যায়েও কেউ জড়িত ছিল—তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা করছে পুলিশ।
অনলাইনে কেনাকাটায় যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়ে থাকেন। কোনো ওয়েবসাইট বা বিক্রেতার পরিচয় নিশ্চিত না হয়ে সেখানে অর্ডার না করাই নিরাপদ। পণ্য কেনার আগে ওয়েবসাইট বা বিক্রেতার তথ্য যাচাই করা, সম্ভব হলে প্রতিষ্ঠানের নিজস্ব বা অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করা এবং পেমেন্ট ব্যবস্থা নিরাপদ কি না তা দেখে নেওয়া জরুরি।
বিশেষ করে অস্বাভাবিক কম দাম, অপরিচিত ওয়েবসাইট বা তৃতীয় পক্ষের অযাচাই করা বিক্রেতার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার।