Image description

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো প্রদেশে নৌকাডুবিতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই জানান, গোরোনি এলাকার গোরাউয়ের কাছে ডুবে যাওয়া নৌকাটি থেকে এ পর্যন্ত ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, ধান কাটার কাজে যাওয়া কৃষিজমির মালিক ও শ্রমিকদের সঙ্গে নৌকাটিতে শিশুরাও ছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি প্রায় ৫০টি লাশ দেখতে পাওয়ার কথা জানান। এসব লাশের অনেকগুলো মাদুর ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো অবস্থায় স্থানীয় একটি মসজিদের সামনে রাখা হয়েছিল। পরে দাফনের প্রস্তুতি নেয়া হয়।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (নেমা) মুখপাত্র ইজেকিয়েল মানজো বিবিসিকে বলেন, গোরাউ অত্যন্ত দুর্গম এলাকা হলেও তাদের উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে।নাইজেরিয়ায় নৌকাডুবি নতুন কোনো ঘটনা নয়। অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে দেশটিতে প্রায়ই নৌদুর্ঘটনায় প্রাণহানি ঘটে। গত মাসে জিগাওয়া প্রদেশে নৌকা উল্টে অন্তত পাঁচজন মারা যান। চলতি বছরের জানুয়ারিতে জিগাওয়া থেকে ইয়োবে প্রদেশে কৃষক ও জেলেদের নিয়ে যাওয়ার সময় নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে নাইজার নদীতে ২০০ জনের বেশি যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায় বলে ধারণা করা হয়েছিল। পরে সেখান থেকে ৫৪টি লাশ উদ্ধার করা হয়।

নৌদুর্ঘটনা কমাতে নিরাপদ নৌযান ও লাইফ জ্যাকেট সরবরাহ, নৌপথ খনন, ঘাট ও টার্মিনালে নিরাপত্তাকর্মী মোতায়েন এবং চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করার সুপারিশ করেছে কর্তৃপক্ষ।

নাইজেরিয়ার গ্রামীণ অঞ্চলের লাখো মানুষের জন্য নদীপথ যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। সড়কের বেহাল অবস্থা ও পর্যাপ্ত সেতুর অভাবে অনেক এলাকায় স্থলপথে চলাচল কঠিন হওয়ায় মানুষ ও পণ্য পরিবহনে কাঠের নৌকার ওপর নির্ভর করতে হয়। বাজার ও আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগেও এসব নৌকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শীর্ষনিউজ