Image description

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে চলমান আন্দোলন আরো জোরালো করার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। আগামী ২০ আগস্ট মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকারি বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছেন তারা।

নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের জন্য জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’-এর মুখপাত্র পীযূষ সিং বলেন, ‘পরীক্ষায় অনিয়মের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার সময় এসেছে। এই প্রথম আমরা এই দাবি জানাচ্ছি। কথিত কেলেঙ্কারির জন্য এবার দায়ও নির্ধারণ করতে হবে।’

শনিবার আন্দোলনরত শিক্ষার্থীরা ‘তিরঙ্গা যাত্রা’ বের করেন। তাদের অনির্দিষ্টকালের আন্দোলনের এদিন ছিল ২২তম দিন।

পীযূষ সিং সাংবাদিকদের বলেন, ‘এতদিন আমরা গান্ধীবাদী পদ্ধতিতে সরকারের কাছে আবেদন জানিয়ে এসেছি। কিন্তু আমাদের দাবিগুলো সরকারের কানে পৌঁছাচ্ছে না। তাই আজ আমরা ঘোষণা করছি, আগামী ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিল এবং সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত করছি। সরকার যদি তা না করে, তাহলে আমরা মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করব এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করব।’

আন্দোলনরত শিক্ষার্থীরা কংগ্রেসকেও জেএমএম নেতৃত্বাধীন জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’-এর নেতা রবীন্দ্র পাসওয়ান বলেন, ‘আগামী ২০ আগস্ট আমরা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও করব। আমরা তার পদত্যাগ দাবি করছি। কারণ জেএমএম ও কংগ্রেস—দুই দলই আমাদের নিয়ে রাজনীতি করছে। মুখ্যমন্ত্রী যদি তার কথা না শোনেন, তাহলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে আমাদের দাবি, তিনি যেন জেএমএম নেতৃত্বাধীন জোট থেকে সমর্থন প্রত্যাহার করেন।’

আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষায় কথিত অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিবিআই তদন্ত অথবা ঝাড়খণ্ডের বাইরে থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে তদন্তের দাবি জানিয়ে আসছেন।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস