হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে ইরানের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) দেওয়া এক বক্তব্যে আরাগচি বলেন, দুই দেশের মধ্যে এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা চূড়ান্ত হতে পারে।
তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট নৌপথ নির্ধারণ করাই আলোচনার মূল উদ্দেশ্য। বিষয়টি নিয়ে ইরান ও ওমানের বিশেষজ্ঞরা কাজ করছেন। পাশাপাশি সামরিক বাহিনীর কর্মকর্তারাও আলোচনায় অংশ নিচ্ছেন।
আরাগচি বলেন, এ ক্ষেত্রে সামরিক বাহিনীর মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ হরমুজ প্রণালির নৌপথ নির্ধারণের বিষয়টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানান, ওমানের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে চলমান আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি আলোচনার কোনো অংশ নয়। দুটি বিষয় সম্পূর্ণ আলাদা।
শীর্ষনিউজ