Image description

দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মিশর।

শুক্রবার (৩১ জুলাই) দেশটির তথ্যবিষয়ক প্রতিমন্ত্রী দিয়া রাশওয়ান বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কোনো পক্ষকে দায়ী করা হবে না। তদন্তে যা বেরিয়ে আসবে, সে অনুযায়ী সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ফলাফল জানাবে।

তিনি আরও বলেন, হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বক্তব্যও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত অবস্থান নির্ভর করবে তদন্তের ফলাফলের ওপর।

 

গত ২৯ জুলাই দামিয়েত্তা বন্দরে অজ্ঞাত একটি ড্রোন হামলায় দুটি গ্যাসবাহী জাহাজে আগুন লাগে। তবে জরুরি সেবা ও দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এরপর ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক দুই মিশরীয় কর্মকর্তার বরাত দিয়ে জানায়, কায়রো এই হামলার জন্য ইরানকে দায়ী করছে এবং এটিকে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তারের চেষ্টা হিসেবে দেখছে।

 

তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেন, আঞ্চলিক শান্তি নষ্ট করতে ইসরায়েল ষড়যন্ত্র ও ‘ফলস-ফ্ল্যাগ’ অভিযান চালাতে পারে।

সূত্র: শাফাক নিউজ এজেন্সি