ইরানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রের বিমান হামলায় একটি আবাসিক ভবন ধসে দুই বছরের সন্তানসহ দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছে তাদের আরও শিশু সন্তান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এই তথ্য জানিয়েছে।
হরমোজগান প্রদেশের উপ-গভর্নর আহমাদ নাফিসির বরাতে আইআরএনএ জানায়, কেশম দ্বীপের চাহ তাঙ্গু এলাকায় একটি আবাসিক ভবনে মার্কিনবাহিনী বিমান হামলা চালায়। হামলার তীব্রতায় বাড়িটি ধসে পড়ে। এ সময় বাড়িতে থাকা এক দম্পতি ও তাঁদের দুই বছরের সন্তান নিহত হন। অন্য দুই শিশু সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ইরানে মার্কিন বাহিনীর হামলার পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ‘হুমকি’ ও আঞ্চলিক জলপথে তাদের হস্তক্ষেপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এক বিবৃতিতে বাহিনীটি দাবি করে, যুক্তরাষ্ট্রের উসকানিতে বুধবার রাতে দুটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণাংশের একটি ‘অনিরাপদ পথ’ দিয়ে চলাচলের চেষ্টা করে। তবে একটি জাহাজে আগুন লাগার পর দুটি ট্যাংকারই ফিরে যায়।
আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো বিদেশি শক্তিকে সেখানে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।