Image description

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের হস্তক্ষেপের চেষ্টার বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে যারা সহযোগিতা করবে, তাদের ওপরও পাল্টা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে তেহরান।

 

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর প্রতিবেদনে জানানো হয়েছে, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এক বিবৃতিতে বলেছেন, আমরা হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই হস্তক্ষেপ করতে দেব না এবং ভবিষ্যতেও তা বরদাশত করা হবে না।

তিনি স্পষ্ট করে জানান, তেহরান কর্তৃক নির্ধারিত রুটের বাইরে যেকোনও ধরনের বিশৃঙ্খলা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টাকে ইরানি বাহিনী ‘কঠোরভাবে দমন’ করবে।

 

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে জোলফাগারি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনও ধরনের সহযোগিতা এবং দেশটির আগ্রাসী বাহিনীকে রসদ সরবরাহ সংক্রান্ত সমর্থন দেওয়া হলে, তা ইরানের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য করা হবে।

এই সংঘাতের ভয়াবহতা উল্লেখ করে তিনি আরও বলেন, এই যুদ্ধ শেষ পর্যন্ত অঞ্চলের সব দেশকে গ্রাস করতে পারে।

 

 

এর আগে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটি নিয়ন্ত্রণের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে অর্থ প্রদান করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

সূত্র: আল জাজিরা