হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘জিএফএস গ্যালাক্সি’তে হামলা চালিয়েছে ইরান। ওমানি কর্তৃপক্ষের সহায়তায় আক্রান্ত জাহাজ থেকে ১০ ভারতীয় ক্রুকে উদ্ধার করা গেলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন।
রোববার (১২ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
এই হামলাকে তাদের জলসীমায় ‘অননুমোদিত’ রুট ব্যবহার করার দায়ে ‘কোর্স-কারেকশন’ বা সংশোধনমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে ইরান।
অন্যদিকে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘বাণিজ্যিক জাহাজে হামলার চলমান ঘটনাগুলো উদ্বেগজনক। আমরা অবিলম্বে উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক সমাধানের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পুনরায় আহ্বান জানাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য শাখা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলায় জাহাজটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে আর যাত্রা চালিয়ে যেতে পারবে না।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, এই হামলায় ইরানের ওপর অন্তত তিন দফা বিমান হামলা চালিয়েছে তারা। সেন্টকম আরও জানিয়েছে, ইরানি হামলার সক্ষমতা হ্রাস করতে দেশটির ওপর কঠোর সামরিক চাপ ও ক্ষতিসাধন অব্যাহত রাখবে মার্কিন বাহিনী।
এই নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা এমন সময় হলো যখন একদিন আগেই ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা হরমুজ প্রণালির সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন।
তথ্যসূত্র: এনডিটিভি