থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মুকদাহান প্রদেশে তীর্থযাত্রায় থাকা বৌদ্ধ ভিক্ষুদের একটি দলের ওপর পিকআপ ট্রাকের ধাক্কায় আট ভিক্ষু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি।
বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, ৩৪ জন বৌদ্ধ ভিক্ষু ও পাঁচজন সাধারণ অনুসারীর একটি দল মুকদাহানের একটি মন্দির থেকে প্রতিবেশী উবন রাতচাথানি প্রদেশের আরেকটি মন্দিরে তীর্থযাত্রায় যাচ্ছিলেন।
মুকদাহানের গভর্নর ভোরায়ান বুনারাত এক সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।
এ ঘটনায় ২২ জন ভিক্ষু ও একজন সাধারণ অনুসারী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
মুকদাহান প্রাদেশিক পুলিশের প্রধান মেজর জেনারেল পাইরোজ থাইফুত্রা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ১১ বছর বয়সী এক ছেলে পরিবারের বাড়ি থেকে পিকআপ ট্রাকটি নিয়ে বের হয়। প্রায় ১০ কিলোমিটার চালানোর পর সেটি ভিক্ষুদের দলের ওপর উঠে যায়।
তিনি বলেছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তাই এখনো কোনো মামলা করা হয়নি।
পুলিশ জানিয়েছে, ছেলেটি এখনো প্রচণ্ড মানসিক আঘাতের মধ্যে রয়েছে। সে কথা বলার অবস্থায় না থাকায় এখনো তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।