Image description

ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে হত্যার সর্বশেষ ইসরায়েলি হুমকির বিরুদ্ধে বিশ্ব সংস্থার কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এ বিষয়ে সংস্থাটির কাছে চিঠি পাঠিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের দেওয়া এই হুমকিকে ইরানি সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি ‘পরিকল্পিত এবং নিয়মতান্ত্রিক নীতি’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি এই হুমকিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি শাসকগোষ্ঠীর অবৈধ আগ্রাসনের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন। চিঠিতে তিনি বলেন, সাবেক ইরানি নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং অন্যান্য শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডসহ ইরানের বিরুদ্ধে ইসরায়েলি শাসকগোষ্ঠীর অবৈধ আগ্রাসনের অংশ এটি, যা যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, সমন্বয় ও সমর্থনে পরিচালিত হয়েছে।

ইরাভানি ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে কোনও ধরনের শাস্তি বা জবাবদিহিতা ছাড়াই পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যেকোনও ধরনের শত্রুতামূলক আচরণের বিরুদ্ধে তেহরান উপযুক্ত জবাব দেবে।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত, জাতিসংঘের সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদ নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ইসরায়েল কোনও শাস্তি না পাওয়ার সংস্কৃতি পেয়ে বসেছে। এটি ইসরায়েলি শাসকগোষ্ঠীকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণের বিষয়ে আরও বেশি দুঃসাহসী করে তুলেছে, যা একটি অত্যন্ত বিপজ্জনক নজির সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।