জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। খবর এনডিটিভির।
গুয়াহাটির এনআইএ বিশেষ আদালতে দাখিল করা অভিযোগপত্রে অভিযুক্তদের বিরুদ্ধে ২০২৩ সালের ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
এনআইএ জানায়, তদন্তে জানা গেছে অভিযুক্তরা জেএমবির একটি শাখা ‘ইমাম মাহমুদের কাফেলা’ (আইএমকে)-এর কার্যক্রমের সঙ্গে যুক্ত। সংস্থাটির দাবি, এই শাখাটি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে জেএমবির মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। এছাড়া তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করা এবং ভারতে সংগঠনটির নেটওয়ার্ক বিস্তারের পরিকল্পনাও ছিল।
এনআইএর দাবি, জেএমবির জ্যেষ্ঠ সদস্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ভারতে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য আইএমকে গঠন করেছিলেন।
তদন্তে বলা হয়েছে, অভিযুক্ত ১১ জন গোপন বৈঠক, ধর্মীয় কর্মসূচি, বই-পুস্তক বিতরণ এবং ভারতবিরোধী প্রচারের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সংগঠনটির কার্যক্রম বাড়ানোর চেষ্টা করেছিলেন।
এনআইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগপত্রে নাম থাকা দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন নাসিমুদ্দিন ও জগির মিয়া। নাসিমুদ্দিন আসামে ও জগির মিয়া ত্রিপুরায় আইএমকের নেতৃত্বে ছিলেন।
এনআইএ জানিয়েছে, তদন্তের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, ইলেকট্রনিক যন্ত্র এবং ডিজিটাল তথ্য উদ্ধার করা হয়েছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।