Image description

চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ তথা একটি তেলবাহী ট্যাংকারে তল্লাশি চালিনোর পাশাপাশি আটক করেছে ফরাসি নৌবাহিনী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার (২৫ জুন) এ তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইউরো নিউজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁ জানান, ‘ডেলিভার’ নামের জাহাজটি সিসিলি উপকূলের কাছে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে চলছিল। এ কারণে ফরাসি নৌবাহিনী জাহাজটিকে থামিয়ে তল্লাশি পরিচালনা করে।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে দেওয়া ওই পোস্টে অভিযানের ভিডিওও প্রকাশ করেন ম্যাক্রোঁ। প্রকাশিত ভিডিওতে জাহাজে উঠে অনুসন্ধান চালাতে দেখা যায় ফরাসি সেনাদের।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ক্যামেরুনের পতাকাবাহী জাহাজটি ২০২৪ সাল থেকে রুশ তেল রপ্তানির সঙ্গে জড়িত। জাহাজটি মূলত বাল্টিক ও কৃষ্ণ সাগরের বিভিন্ন বন্দর থেকে তেল পরিবহন করে আসছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে দীর্ঘদিন ধরে তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের পর আরোপিত নিষেধাজ্ঞার কারণে রুশ তেলবাহী জাহাজগুলোর বীমা ও চার্টারিংয়ের ওপর নানা বিধিনিষেধ রয়েছে। এসব সীমাবদ্ধতা এড়াতে জটিল মালিকানা কাঠামো, সুবিধাজনক বিদেশি পতাকা এবং অন্যান্য গোপন কৌশল ব্যবহার করা হয়।

এর আগে চলতি মাসেই ইংলিশ চ্যানেলে সাইমোরতস নামের আরেকটি রুশ শ্যাডো ফ্লিটে অভিযান চালিয়ে ট্যাংকারটি জব্দ করা হয়। যুক্তরাজ্য সরকারের মতে, ছয় ঘণ্টাব্যাপী ওই অভিযানে রয়্যাল মেরিন কমান্ডো, ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা, বিভিন্ন সামরিক হেলিকপ্টার, একটি টহল বিমান এবং এইচএমএস সুদারল্যান্ড ও লেডবারি অংশ নেয়।

সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় ম্যাক্রোঁ বলেন, ‘মাত্র কয়েকদিন আগে যুক্তরাজ্যের অনুরূপ অভিযানের পর এই পদক্ষেপ দেখিয়ে দিল যে ইউরোপীয় দেশগুলো কতটা দৃঢ়প্রতিজ্ঞ।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা শ্যাডো ফ্লিটকে নিষেধাজ্ঞা ফাঁকি দিতে এবং রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার অর্থায়ন করতে দেব না।’