Image description

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই দুর্যোগের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার। টেলিভিশনে সম্প্রচারিত এক আবেগঘন জরুরি ভাষণে প্রেসিডেন্ট নিজেই এই ঘোষণা দেন। ভূমিকম্পে বহুসংখ্যক মানুষ হতাহত হয়েছে বলে নিশ্চিত করলেও, সুনির্দিষ্ট কোনো সংখ্যা এখনো উল্লেখ করা হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী কারাকাস থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে কারাবোবো অঙ্গরাজ্যে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রথম ধাক্কার মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় আঘাতটি আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে গেছে।

ইউএসজিএস তাদের প্রাথমিক মূল্যায়নে এক ভয়াবহ পূর্বাভাস দিয়েছে। সংস্থাটির মতে, এই জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সর্বোচ্চ আশঙ্কা রয়েছে। ভূমিকম্পের তীব্রতা ও ঘনবসতির কারণে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ। এমনকি মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে ৩০ শতাংশ।

টেলিভিশনে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশবাসীকে এই কঠিন মুহূর্তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় তাঁর পাশে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং জাতীয় পরিষদের প্রধান (প্রেসিডেন্টের ভাই) হোর্হে রদ্রিগেজ।

প্রেসিডেন্ট ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সাথে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এবং জরুরি উদ্ধার অভিযান তদারকি করার জন্য সেনাবাহিনীর একজন জেনারেলকে বিশেষ দায়িত্ব দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ইতোমধ্যে ২০টিরও বেশি আফটারশক (অনুকম্পন) অনুভূত হয়েছে। ব্রাজিলের সীমান্ত অঞ্চলেও এই কম্পন টের পাওয়া গেছে। পরিস্থিতি বিবেচনায় দেশটির সমস্ত স্কুল, কলেজ এবং রেল সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শীর্ষনিউজ