Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির জবাবে সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়া থেকে বিরত থাকতে হবে। না হলে ইরান নিজস্বভাবে জবাব দিতে প্রস্তুত।

রবিবার গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিকে তারা গুরুত্ব দেন না। তিনি বলেন, ‘তাদের হুমকি কাজ করলে তারা আজ এই অবস্থায় আসত না।’ তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রকে তাদের বক্তব্যে সাবধান হতে হবে। কারণ ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে সতর্ক করেন। তিনি বলেন, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে অবিলম্বে তৎপরতা বন্ধ করতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্র আবারও কঠোর সামরিক হামলা চালাবে, যা আগের থেকেও বেশি শক্তিশালী হবে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাত আগেও শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত নতুন কোনো বড় হামলার খবর পাওয়া যায়নি।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সমঝোতার পর সুইজারল্যান্ডে আলোচনা চলছে। এই আলোচনায় পাকিস্তান ও কাতার মধ্যস্থতা করছে। তবে ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ ফার্স সংবাদ সংস্থা দাবি করেছে, ট্রাম্পের হুমকির কারণে এই আলোচনা সাময়িকভাবে স্থগিত হয়েছে। যদিও এই দাবি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। উল্লেখ্য, চলতি মাসে স্বাক্ষরিত সমঝোতায় দুই দেশ একে অপরের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা হুমকি না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।