Image description

মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস বোমারু বিমান সোমবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস বিমানবাহিনী ঘাঁটিতে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা আটজন আরোহীর সবাই নিহত হন বলে জানিয়েছেন বিমানবাহিনীর কর্মকর্তারা।

আট ইঞ্জিনবিশিষ্ট এই জেটচালিত বিমানটি পারমাণবিক ও প্রচলিত বিভিন্ন ধরনের বোমা বহনে সক্ষম। বিমানবাহিনীর কর্নেল জেমস হেইস কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে জানান, নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা বিমানটি মাটি ছাড়ার কিছুক্ষণ পরই রানওয়েতে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে উড়তে থাকা ঘন কালো ধোঁয়া বহু দূর থেকেও দেখা যাচ্ছিল।

হেইস বলেছেন, বিমানে থাকা ‘মিশ্র ক্রু’ দলের মধ্যে সরকারি বেসামরিক কর্মী, সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী এবং ইউনিফর্মধারী সামরিক সদস্য ছিলেন। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে, নিহতদের মধ্যে ছিলেন তাদের দুই কর্মীও।

হেইস সাংবাদিকদের জানান, ফ্লাইটটির উদ্দেশ্য ছিল একটি রাডার আধুনিকীকরণ কর্মসূচিকে সহায়তা করা। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং এ বিষয়ে চলছে তদন্ত।

বিমানবাহিনীর কর্মকর্তারা নিহতদের নাম প্রকাশ করেননি। তারা বলেছেন, নিহতদের স্বজনদের জানানোর প্রক্রিয়া এখনো চলছে।

দুর্ঘটনাস্থল ছিল লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬১ কিলোমিটার উত্তরে।

রানওয়ের ক্ষয়ক্ষতির কারণে অন্তত মঙ্গলবার পর্যন্ত এডওয়ার্ডস বিমানবাহিনী ঘাঁটির সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বলে জানান হেইস। তবে ঘাঁটির বাইরের অন্য কোনো কার্যক্রম স্থগিত করা হচ্ছে না।

১৯৩০-এর দশকে শুকিয়ে যাওয়া একটি হ্রদের তলদেশ ঘিরে প্রতিষ্ঠিত এডওয়ার্ডস বিমান ঘাঁটি প্রায় ১ হাজার ২৪৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি মার্কিন বিমানবাহিনীর সবচেয়ে বড় বিমান ঘাঁটি।

পরীক্ষামূলক উড্ডয়নের ইতিহাসে ঘাঁটিটির বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৪৭ সালে চাক ইয়েগার এখান থেকেই বেল এক্স-১ বিমানে শব্দের গতিবেগ অতিক্রম করেছিলেন। এ ছাড়া এক্স-১৫ বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন এবং নাসার স্পেস শাটলের প্রথম অবতরণও হয়েছিল এই ঘাঁটিতেই।