যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান চুক্তিটির সফলতা সম্পূর্ণভাবে নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন কি-না, তার ওপর।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ এবং ঝুঁকি পরামর্শক প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট’-এর ব্যবস্থাপনা পরিচালক সামি হামদি।
সামি হামদি বলেন, ‘গতবার যখন পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, তখন ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করলেও লেবাননের বিরুদ্ধে হামলা জোরদার করেছিল।’
তিনি আরো উল্লেখ করেন, ‘পাকিস্তান যখন লেবাননকে যুদ্ধবিরতির আওতাভুক্ত করার বিষয়ে জোর দেয়, তখন ট্রাম্প চুক্তির শর্ত পরিবর্তন করে লেবাননকে এর বাইরে রেখেছিলেন বলে মনে হয়েছিল। এবারও ট্রাম্প একই কাজ করবেন কি-না, তা নিয়েই মূল উদ্বেগ।’
হামদি জানান, ইসরাইলিরা তেহরানের সঙ্গে এই ধরনের চুক্তির ঘোরবিরোধী। এমনকি এই চুক্তিকে নস্যাৎ করতে আজই (সোমবার) লেবাননে একটি হামলা চালিয়েছে নেতানিয়াহু সরকার।
তিনি তার উদ্বেগের কথা জানিয়ে বলেন, ‘উদ্বেগটি হলো ট্রাম্প আবারো চুক্তির শর্ত পরিবর্তন করবেন কি-না! যার ফলে তিনি ইসরাইলকে লেবাননে আক্রমণ করা থেকে বিরত রাখলেও, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য তাদের ওপর চাপ দিতে অস্বীকৃতি জানাতে পারেন। আর এমনটা হলে পুরো চুক্তিটিই ঝুঁকিতে পড়ে যাবে।’
সূত্র: আল-জাজিরা