মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, অঞ্চলটি আরও গভীর সংকটের দিকে এগোচ্ছে এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে।
বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি সপ্তাহে সংঘাত আরও বিস্তৃত হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতির অবনতি ঘটেছে।
তিনি উল্লেখ করেন, যেখানে কার্যকর যুদ্ধবিরতি থাকার কথা ছিল, সেখানে বাস্তবে সংঘাত পুরোপুরি থামেনি। বরং পরিস্থিতি অনেকটা সীমিত মাত্রার সংঘাতে পরিণত হয়েছে।
জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেন, চলমান এই উত্তেজনা যে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে না, এমন ধারণা করা বিপজ্জনক হতে পারে। তাই সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়।
গুতেরেস সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, সংকট সমাধানের একমাত্র কার্যকর পথ হলো কূটনৈতিক উদ্যোগ এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা।
তার ভাষায়, “আর কোনো হামলা নয়, আর কোনো অজুহাত নয়।” তিনি সব পক্ষকে সংঘাত বন্ধ করে শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের জন্য কাজ করার আহ্বান জানান।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে জাতিসংঘ মহাসচিবের এই সতর্কবার্তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পেয়েছে।
শীর্ষনিউজ