পপ তারকা ডুয়া লিপা ও অভিনেতা ক্যালাম টার্নারের স্বপ্নের বিয়ে শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। লন্ডনে নীরবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ইতালির সিসিলি অঞ্চলের পালের্মো শহরে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ উদযাপনের আয়োজন করেন এই তারকা জুটি। তবে প্রায় ১৩ লাখ পাউন্ড ব্যয়ে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে শুরু হয় বিক্ষোভ।
বিয়ের অনুষ্ঠানকে ঘিরে পালের্মোর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ও ঐতিহাসিক স্থানে নিরাপত্তা জোরদার করা হয়। রাস্তা বন্ধ, জনসাধারণের প্রবেশে বিধিনিষেধ, ড্রোন ওড়ানো নিষিদ্ধ এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ায় স্থানীয়দের দৈনন্দিন জীবন ব্যাহত হয় বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে পোস্টার দেখা যায়। সেখানে লেখা ছিল, ‘পালের্মো সবার’ এবং ‘এই চত্বর কোনও ব্যক্তিগত লাউঞ্জ নয়’। কিছু পোস্টার সরিয়ে ফেলার পর প্রতিবাদকারীরা দেয়ালে গ্রাফিতি আঁকেন এবং নতুনভাবে প্রতিবাদ চালিয়ে যান।
লন্ডনে নীরবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন দুই তারকা। ছবি: সংগৃহীত
স্থানীয় অধিকারকর্মীদের দাবি, জনসাধারণের ব্যবহারের জায়গাগুলো ব্যক্তিগত লাভের জন্য বন্ধ করে দেয়া উচিত নয়। তারা ঐতিহাসিক এলাকার বাসিন্দাদের বারান্দায় প্রতীকী ‘স্বাগতম’ পোস্টার টাঙানোর আহ্বান জানান, যাতে জনপরিসরের বাণিজ্যিক ব্যবহার নিয়ে আপত্তির বার্তা পৌঁছে যায়।
বিয়ের আয়োজনের জন্য বিশেষ বিধিমালা ব্যবহার করে শহরের কিছু অংশে ব্যারিকেড বসানো এবং পুরোনো শহর এলাকার বিভিন্ন জায়গা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় বলে জানা গেছে। অতিথিদের থাকার ব্যবস্থা করা হয় বিলাসবহুল ভিলা ইজিয়ায়। আধুনিক শিল্পকলা গ্যালারিতে ব্যক্তিগত ককটেল পার্টির আয়োজন করা হয় এবং মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ভিলা ভালগুয়ারনেরায়। এসব সিদ্ধান্ত কীভাবে অনুমোদন দেয়া হলো, তা নিয়েও স্থানীয় প্রশাসনের সমালোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানে ভোগান্তিতে শিকার ব্যক্তিরা ডুয়া লিপা ও ক্যালাম টার্নার প্রায় পাঁচ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস