Image description

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত শফিকুল ইসলাম (৪৩) ও নাহিদুল ইসলামের (২২) লাশ সাতক্ষীরায় নিজবাড়িতে পৌঁছেছে। রোববার সকাল ১০টার দিকে লাশ বাড়িতে পৌঁছে।

নিহত শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর পূর্বপাড়া গ্রামে এবং নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনি উপজেলার কাঁদাকাঠি গ্রামে।

এর আগে ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন।

স্বজনরা জানান, মাত্র কয়েক মাস আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন শফিকুল ও নাহিদ ইসলাম। পরিবারের স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করলেও শেষ পর্যন্ত যুদ্ধের নির্মমতায় প্রাণ হারাতে হয়েছে তাদের।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনার ভারপ্রাপ্ত সরকারি পরিচালক খালেদুর রহমান জানান, লাশ দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে শফিকুল ইসলাম ও নাহিদ ইসলামের পরিবারের সদস্যদের হাতে তাৎক্ষণিক ৩৫ হাজার টাকা ও ৫০ হাজার টাকার সহায়তার চেক প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ টাকা এবং জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।