Image description

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। বুধবার (২৭ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরাইলি হামলায় লেবাননে এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছে। দেশটিতে অতর্কিত হামলার মধ্যেও কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি ঘোষণা দিয়েছেন যে, ইসরাইলি বাহিনী লেবাননে তাদের অভিযান আরও জোরালো করছে। নেতানিয়াহু জানান, ইসরাইলি সেনারা এখন বড় আকারের স্থলবাহিনী নিয়ে অভিযান চালাচ্ছে এবং কৌশলগত গুরুত্বপূর্ণ উঁচু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক দীর্ঘ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননে যে ‘যুদ্ধবিরতি’ হয়েছিল, সেই সময়ে ইসরাইলি বাহিনী শত শত হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে।

হিজবুল্লাহর বিরুদ্ধে এক মুহূর্তের জন্যও যুদ্ধ থামাচ্ছি না উল্লেখ করে নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, সামনে আরও বড় পদক্ষেপ আসছে। তিনি বলেন, ইসরাইলি নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা চলবে।

আল জাজিরা বলছে, নেতানিয়াহুর এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, লেবাননে ইসরাইলের স্থল ও আকাশ অভিযান আরও বিস্তৃত হতে পারে। অন্যদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উন্নত ড্রোন প্রযুক্তি সীমান্ত সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।