পরমাণু অস্ত্র বিস্তার রোধ এবং নিরস্ত্রীকরণ লক্ষ্যমাত্রা নিয়ে চার সপ্তাহের আলোচনা শেষে জাতিসংঘের সদস্য দেশগুলো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।
আলোচনায় নেতৃত্বদানকারী কূটনীতিক এ তথ্য জানিয়েছেন।
নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্মেলনের প্রেসিডেন্ট ভিয়েতনামের দো হুং ভিয়েত বলেন, ‘আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও আমার মনে হচ্ছে সম্মেলনটি তার মূল কাজের বিষয়ে চুক্তিতে পৌঁছানোর মতো অবস্থানে নেই।’
তিনি আরো বলেন, ‘আমি এটি অনুমোদনের জন্য নথিটি উপস্থাপন করার ইচ্ছা পোষণ করছি না।’
এএফপি বার্তা সংস্থার দেখা সম্মেলনের খসড়া নথিতে বলা হয়েছে, তেহরান যাদের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই, তারা কখনোই এটি তৈরি করতে পারবে না।
আলোচনাকারীরা কয়েক দশকের পুরোনো পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনা করছিলেন। এই চুক্তির অধীনে ১৯১টি দেশ একমত হয়েছিল, পরমাণু অস্ত্র কেবল ১৯৬৭ সালের ১ জানুয়ারির আগে এগুলো থাকা পাঁচটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দেশগুলো হলো-চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
বর্তমানে আরো চারটি দেশের কাছে পরমাণু অস্ত্র রয়েছে-ভারত, পাকিস্তান, ইসরাইল ও উত্তর কোরিয়া।
তবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বিশ্বের ১২ হাজার ২৪১টি পরমাণু ওয়ারহেডের ৯০ শতাংশই ছিল যুক্তরাষ্ট্র বা রাশিয়ার হাতে।
সূত্র: আল-জাজিরা