Image description

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগের নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে চীন। বৃহস্পতিবার (২১ মে) বেইজিংয়ের জানায়, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ ও হুমকি প্রদান বন্ধ করা উচিত।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা এবং বিচারিক অপব্যবহার বন্ধ করা। যেকোনো মতবিরোধের ক্ষেত্রে বারবার শক্তি প্রয়োগের হুমকি দেওয়া বন্ধ করতে হবে।

কিউবার ৯৪ বছর বয়সী সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যাসহ বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মধ্যবর্তী আকাশসীমায় দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় মার্কিন নাগরিকদের মৃত্যুর অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে।

তৎকালীন সময়ে কিউবার সশস্ত্র বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা রাউল কাস্ত্রো ওই ঘটনার পর আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

এদিকে কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটির সঙ্গে শান্তিপূর্ণ চুক্তির সম্ভাবনা খুব বেশি নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র কিউবার সাথে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আগ্রহী। তবে বর্তমান কিউবান নেতৃত্বের চরিত্র বিবেচনায় সেই সম্ভাবনা খুবই ক্ষীণ।

তিনি আরও অভিযোগ করেন, কিউবা এই অঞ্চলের সন্ত্রাসবাদের অন্যতম বড় মদদদাতা। আমরা তাদের সাথে সৎ থাকতে চাই, তবে এখন যাদের মোকাবিলা করছি, তাদের ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা খুব বেশি নেই।

সূত্র : বিবিসি